সাদিয়া আয়মানের বয়স ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী

গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে প্রকাশিত ভুল তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কীভাবে অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধন করা যায়, সে বিষয়ে অনুসারীদের সহযোগিতা চেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অভিনেত্রীর ভাষ্য, বয়স নিয়ে কখনোই কোনো ধরনের লুকোচুরি করেননি তিনি। অথচ গুগলে তার নামে তৈরি একটি প্রোফাইলে জন্মসাল সংক্রান্ত ভুল তথ্য দেখা যাচ্ছে। বিষয়টি নজরে আসার পরই বিরক্তি প্রকাশ করেন সাদিয়া।
নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে মজার ছলে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি তৈরি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নয়তো তার সঙ্গে আমার জন্মেরও ছয় বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’
একই পোস্টে নিজের প্রকৃত বয়স নিয়েও বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী। তার দাবি, চলতি বছরের ১৭ মার্চ তিনি সত্যিকার অর্থেই ২৭ বছরে পদার্পণ করেছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং শিক্ষাগত সনদে তার বয়স ২৬ বছর উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বয়স নিয়ে কোনো অস্বস্তি বা সংকোচ নেই জানিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘বয়স একটি সুন্দর ব্যাপার। নিজের বয়সকে সুন্দরভাবে ধারণ করতে আমি ভালোবাসি।’
অভিনয় ও সাবলীল পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সাদিয়া আয়মান। ছোট পর্দার নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব কনটেন্টেও অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করা সাদিয়া পরবর্তী সময়ে অভিনয়ে মনোযোগী হন। রোমান্টিক, পারিবারিক ও ভিন্নধর্মী গল্পের নাটকে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছেন। সময়ের সঙ্গে নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।








