তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, তদন্ত করবে পিবিআই

অভিনেত্রী তানজিন নাহার তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। এবার তার বিরুদ্ধে মানহানির অভিযোগে নতুন করে আদালতে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামালউদ্দীনের ২৩ নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা এ মামলার নম্বর সি.আর ১৩৭১।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি জানান, মানহানির অভিযোগে দায়ের করা মামলাটি আদালত তদন্তের জন্য পিবিআইতে পাঠিয়েছেন।
মামলার পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ। বাদীপক্ষের দাবি, গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়াকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে তার ব্যক্তিগত মর্যাদা এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া মেসেঞ্জারে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আগে তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে পাঠানো ওই নোটিশে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
এর আগে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সানায়া। ওই মামলায় আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, আগের একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার নারাজি আবেদন আদালত গ্রহণ করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এরপরই তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সানায়া।
বিজ্ঞাপন
এদিকে, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় তানজিন তিশা জামিনে রয়েছেন। সব মিলিয়ে অভিনেত্রীকে ঘিরে একের পর এক আইনি পদক্ষেপের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।








