Logo

দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৮:৫৮
দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা
ছবি: সংগৃহীত

ব্যবসায়িক জীবনে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার মালিকানাধীন একের পর এক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে কর্মসংস্থান হারিয়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা সচল রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পাননি তিনি।

বিজ্ঞাপন

এই সংকটের মধ্যেই ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ের জন্য অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের আইনি নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।

তবে গত ২ নভেম্বর সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এ কারণে পাওনা আদায়ে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম সীমিত থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। ওই ঋণের সুদ যুক্ত হয়ে বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এদিকে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

তৈরি পোশাকশিল্পে এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করেন অনন্ত জলিল। সময়ের সঙ্গে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ সিনেমায় স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

বিজ্ঞাপন

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আর্থিক সংকট কাটাতে তিনি বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছিল। তবে কোনো পক্ষ থেকেই প্রত্যাশিত সাড়া মেলেনি। কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি।

চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তার বক্তব্য, করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও ব্যবসায়িক নানা প্রতিকূল পরিস্থিতি তার প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সংকটের মধ্যে ফেলেছে।

সব মিলিয়ে একসময় বড় পরিসরে পোশাকশিল্পের ব্যবসা গড়ে তোলা অনন্ত জলিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা সামলানো, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করা এবং কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ব্যাংকের পাওনা পরিশোধ ও ব্যবসা পুনরুদ্ধারে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD