ভাই হারালেন মনোয়ার হোসেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন এই অভিনেতা। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর জানান তিনি।
বিজ্ঞাপন
ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
একই পোস্টে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ডিপজল লিখেছেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। সে সময় ফেসবুকে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
কিন্তু অসুস্থতার খবর জানানোর মাত্র দুই দিনের মাথায় ভাইকে হারানোর সংবাদ দিতে হলো এই অভিনেতাকে। তাঁর পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।








