২১ বছর পর আবারও পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশের

দীর্ঘ ২১ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ একই, টুর্নামেন্টও একই। বদলে গেছে শুধু সময় ও ভেন্যু। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানকে হারিয়ে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল লাল-সবুজের দল। এবার ঢাকার মাঠে সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।
বিজ্ঞাপন
আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফাইনালে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। এবার নিজেদের মাঠ ঢাকায় প্রতিপক্ষকে মোকাবিলা করবে বাংলাদেশ।
দুই দশকেরও বেশি আগে, ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন। তার নিখুঁত শটে পাকিস্তানের জালে বল জড়ালে শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সেই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে ওঠার ঘটনা খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছিল। করাচিতে অবস্থানরত বাংলাদেশি সমর্থকদের কাছেও জয়টি ছিল স্মরণীয় এক মুহূর্ত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর পেরিয়ে গেছে ২১ বছর। এই দীর্ঘ সময়ে আটটি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু আর কোনোবারই ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। কখনো গ্রুপ পর্ব থেকে বিদায়, আবার কখনো সেমিফাইনালে থেমে গেছে দলের পথচলা। ফলে দীর্ঘ বিরতির পর আবারও শেষ চারে জায়গা করে নেওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে সমর্থকদের মধ্যে।
পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। দুই দলের ১৮ ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে বাংলাদেশ, পাকিস্তানের জয় পাঁচটি। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
অতীতের উল্লেখযোগ্য জয়গুলোর মধ্যে রয়েছে ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারানো। ২০০৫ সালের সাফে ১-০ গোলের জয় ছাড়াও ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকার মাঠে পাকিস্তানকে ৩-০ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ।
বিজ্ঞাপন
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। সেবারও ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। অর্থাৎ সাম্প্রতিক অতীতেও পাকিস্তানের বিপক্ষে ভালো করার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে অতীতের সাফল্য কিংবা পরিসংখ্যান দিয়ে এবারও জয় নিশ্চিত করা সম্ভব নয়। কারণ, পাকিস্তান দলেও রয়েছে বিদেশি লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও মালদ্বীপকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। ২০০৫ সালে করাচিতে যে প্রতিপক্ষকে হারিয়ে শেষবার শিরোপার লড়াইয়ে পৌঁছেছিল বাংলাদেশ, ২১ বছর পর ঢাকায় সেই পাকিস্তানকে হারিয়ে কি আবারও ফাইনালে ফিরতে পারবে লাল-সবুজের দল? সেই অপেক্ষাতেই এখন দেশের ফুটবলপ্রেমীরা।








