Logo

হেনরির প্রথম ওভারেই ধস, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে হারল ভারত

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৮:৪৩
হেনরির প্রথম ওভারেই ধস, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে হারল ভারত
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে তিন উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। হেনরি একাই শিকার করেন ছয় উইকেট।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতের সামনে ৩৩৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে হেনরির তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে ভারত। তাঁর ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি।

এই পরাজয় ওয়ানডে ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হার। এর আগে ২০০০ সালের ২৯ অক্টোবর শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে দলটির সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের শুরুটা ছিল রীতিমতো বিপর্যয়কর। ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মাকে ফিন অ্যালেনের ক্যাচে পরিণত করেন হেনরি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে সাজঘরে ফেরান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে। রোহিত ও শ্রেয়াস দুজনই গোল্ডেন ডাকের শিকার হন।

বিজ্ঞাপন

ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে শূন্য রানে আউট হলেন রোহিত ও কোহলি। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দুজনই কোনো রান করতে পারেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম তিন বলের মধ্যে তিন উইকেট হারানোর ঘটনা ওয়ানডে ক্রিকেটে এবারসহ পঞ্চমবার দেখা গেল। চলতি বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষেও একই পরিস্থিতিতে পড়েছিল অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এমন বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। সেবার ইনিংসের প্রথম তিন বলে হ্যাটট্রিক করেছিলেন চামিন্দা ভাস। এ ছাড়া ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানও এমন পরিস্থিতির শিকার হয়েছিল।

দ্রুত তিন উইকেট হারানোর পর চাপে পড়ে ভারতের অন্য ব্যাটাররাও। কাইল জেমিসনের বলে ৫ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ফলে মাত্র ৯ রানেই চার উইকেট হারায় সফরকারীরা।

বিজ্ঞাপন

এরপর ইশান কিষান ও অক্ষর প্যাটেল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের ব্যাটে আসে ৪৪ রানের জুটি। তবে ২১ রান করা অক্ষরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ম্যাথু ফিশার। দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর ইশানও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৭ রান করা এই ব্যাটারকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন হেনরি।

এরপর আকিব নবিকে ৫ রানে ফিরিয়ে উইকেটের তালিকায় নাম লেখান ফিশার। ৬৬ রানে সপ্তম উইকেট হারায় ভারত। কুলদীপকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন হেনরি। পরে নামান ধিরকে ফেরান ফিশার। শেষ ব্যাটার গুরনার ব্রারকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন হেনরি। তাতে ৮৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে হেনরি ছয়টি, ফিশার তিনটি এবং জেমিসন একটি উইকেট নেন।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে ভারত ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে নির্ধারিত ইনিংসে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন উইল ইয়ং। ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া টিম সেইফার্ট করেন ৬৮ রান।

উদ্বোধনী জুটিতে ইয়ং ও সেইফার্ট যোগ করেন ৮৫ রান। ৬৮ রান করা সেইফার্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন গুরনার ব্রার। এরপর নিক কেলি ৪ এবং ডিন ফক্সক্রফট ৮ রান করে ফিরে গেলে ১২৫ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর ফিন অ্যালেনকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন ইয়ং। ৩০ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৪১ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন অ্যালেন। দলীয় ২১৫ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অ্যালেনের বিদায়ের পর ৮৮ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় শতক পূর্ণ করেন ইয়ং। শেষ পর্যন্ত ১২৫ রান করে নামান ধিরের বলে আউট হন তিনি। তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৬ রান। এর কিছুক্ষণ পর ১৫ রান করা মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে দেন গুরনার ব্রার।

বিজ্ঞাপন

শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৪ এবং ক্রিশ্চিয়ান ক্লার্কের ২২ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। কাইল জেমিসন ১৯ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে আকিব নবি, গুরনার ব্রার ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। এ ছাড়া আর্শদীপ সিং ও নামান ধির একটি করে উইকেট শিকার করেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে নিউজিল্যান্ড। আগামী ১৫ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD