Logo

শ্রীলঙ্কাকে ৪-০ উড়িয়ে সাফে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের দুর্দান্ত জয়

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২২:০৪
শ্রীলঙ্কাকে ৪-০ উড়িয়ে সাফে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের দুর্দান্ত জয়
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর নেতৃত্বে নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে হামজারা। শামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বিজ্ঞাপন

আগের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে দলের খেলায় খুব একটা ছন্দ দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন হামজা। তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

কয়েক মিনিট পর ডান প্রান্ত থেকে আক্রমণ তৈরি করেন হামজা। তার বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা শামিত সোমের প্রথম শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবার শট নিয়ে জালে পাঠান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ ম্যাচে সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা হামজাকে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যায়। ফলে বাংলাদেশের আক্রমণভাগে তার প্রভাব ছিল বেশ স্পষ্ট। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম খেলেন স্ট্রাইকার হিসেবে।

প্রথম গোলে সহায়তা করার পর দ্বিতীয় গোলটি নিজেই করেন হামজা। ইব্রাহিমের বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। গোলরক্ষক সুজন পেরেরা বাধা দিতে এগিয়ে এলেও তাকে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান বাংলাদেশের অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল।

এর আগে বক্সের ভেতর দুর্দান্ত দক্ষতায় প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে ব্যাকহিল করেছিলেন হামজা। তবে তার সেই প্রচেষ্টা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। কয়েকটি আক্রমণও তৈরি করে সফরকারীরা। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। বিশেষ করে ডিফেন্ডার জিদান ইফসুফের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ফারহান আলী ওয়াহিদ। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সে ঢুকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করেন তিনি। এরপর কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন। ছয় ডিফেন্ডারকে পরাস্ত করার মতো অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে পুরো স্টেডিয়ামকে মুগ্ধ করেন ফারহান।

এরপর বাংলাদেশের পাল্টা আক্রমণ থেকে আসে চতুর্থ গোল। গোলরক্ষক সুজন পেরেরার মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রাকিব হোসেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে শুধু বড় ব্যবধানের জয়ই নয়, গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে স্বাগতিক দল। সেমিফাইনালের আগে এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD