Logo

৬ ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাদুকরি গোল ফারহানের, উচ্ছ্বসিত বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২১:৩০
৬ ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাদুকরি গোল ফারহানের, উচ্ছ্বসিত বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে নজরকাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই অসাধারণ একক নৈপুণ্যে গোল করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। প্রতিপক্ষের ছয় ডিফেন্ডারকে একের পর এক কাটিয়ে করা তার এই গোল বাংলাদেশের ফুটবলে বিরল দৃশ্য হয়ে থাকল।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে ফারহানের দুর্দান্ত গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।

গোলটির শুরু বাঁ-প্রান্তের আক্রমণ থেকে। বল নিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে প্রথমে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন ফারহান। এরপর একে একে ছয়জন লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ে শট নেন তিনি। বলটি এক ডিফেন্ডারের পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।

ফারহানের এই গোল শুধু ব্যবধানই বাড়ায়নি, তার ব্যক্তিগত দক্ষতারও অসাধারণ প্রদর্শনী হয়ে উঠেছে। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলে এমন নৈপুণ্য দেখা গেলেও বাংলাদেশের ফুটবলে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না।

বিজ্ঞাপন

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। অষ্টম মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কার গোলরক্ষকের হাঁটুতে লেগে বল বারে আঘাত করলেও শেষ পর্যন্ত জালে জড়ায়।

ম্যাচের চতুর্থ মিনিটে ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেছিলেন হামজা। তবে তার শট পাঁচজনের দেয়াল টপকে পোস্টের ওপর দিয়ে চলে যায়। এর তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নেওয়া সম্ভব হয়নি তার।

অষ্টম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। ফিরতি বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামিত সোম।

বিজ্ঞাপন

এরপর ব্যবধান বাড়াতে আরও কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ২৫ মিনিটে ফারহানের হেড থেকে পাওয়া বলে ব্যাকফ্লিকের চেষ্টা করেছিলেন হামজা। তবে তার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

মাঝে বলের দখল বাড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। ৩৫ মিনিটে তাদের দখলে ছিল ৫৩ শতাংশ বল। কিন্তু সেই আধিপত্য কাজে লাগিয়ে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি দলটি। ৪০ মিনিটে ডি সিলভার বাঁ প্রান্ত থেকে আসা একটি ক্রস অবশ্য বাংলাদেশের রক্ষণভাগে কিছুটা চাপ সৃষ্টি করেছিল।

তবে প্রথমার্ধের শেষ দিকে হামজার গোলে দুই গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ফারহানের অসাধারণ গোলের পর ৫৩ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD