Logo

হামজাকে দেখতে দর্শকের ঢল, গেট ভেঙে স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২২:০২
হামজাকে দেখতে দর্শকের ঢল, গেট ভেঙে স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলে হামজা চৌধুরীর আগমন যেন বদলে দিয়েছে জাতীয় স্টেডিয়ামের পরিবেশ। সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতে দর্শকখরা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রিয় ফুটবলারকে একনজর দেখতে বুধবার স্টেডিয়ামে ভিড় করেন শত শত সমর্থক। একপর্যায়ে প্রবেশপথের নিয়ন্ত্রণ ভেঙে গেট দিয়ে দল বেঁধে ভেতরে ঢুকে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান নিরাপত্তাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শুরুর আগে এবং খেলা চলাকালে কয়েক দফায় স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথ দিয়ে অনিয়ন্ত্রিতভাবে দর্শক প্রবেশ করেন। বিশেষ করে তিন ও চার নম্বর গেট দিয়ে সমর্থকদের ঢল সামলাতে পারেননি দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। বাধা উপেক্ষা করে দ্রুত স্টেডিয়ামে প্রবেশ করেন অনেকে। এ সময় কয়েকজনকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও দেখা যায়।

অথচ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর দিকের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি ছিল বেশ হতাশাজনক। টিকিটের সর্বনিম্ন মূল্য এক হাজার টাকা নির্ধারণ করায় শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেও গ্যালারি পূর্ণ করা সম্ভব হয়নি।

পরিস্থিতি বিবেচনায় পরে টিকিটের দাম ২০০ টাকা কমিয়ে সর্বনিম্ন মূল্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু তাতেও দর্শক উপস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বুধবার দিনের প্রথম ম্যাচে ভারত ও মালদ্বীপের লড়াইয়েও জাতীয় স্টেডিয়ামের বড় একটি অংশের আসন ফাঁকা ছিল।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যুক্ত হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ঢাকায় তার প্রত্যাবর্তন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে হামজার খেলা দেখতেই স্টেডিয়ামে সমর্থকদের এই বিপুল উপস্থিতি।

টিকিটের উচ্চমূল্য ও আগের ম্যাচগুলোর দর্শকখরা পেছনে ফেলে হামজাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা জাতীয় স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তোলে। তবে দর্শকদের এমন ব্যাপক উপস্থিতির বিপরীতে প্রবেশপথের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ সামাল দিতে স্টেডিয়ামের প্রবেশ ও নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD