শামিতের পর হামজার গোল, প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে শামিত সোমের গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।
বিজ্ঞাপন
বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। হামজার নেওয়া শট পাঁচজনের দেয়াল পেরিয়ে গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। এর তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান আলী ওয়াহিদ। তবে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নিতে পারেননি তিনি।
অষ্টম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। ডান দিক থেকে আসা ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা, তবে তা লক্ষ্যে থাকেনি। এর আগে হোসাইনের আরেকটি ক্রস সামলাতেও সমস্যায় পড়েছিলেন লঙ্কান গোলরক্ষক।
বিজ্ঞাপন
২৫ মিনিটে ফারহানের হেডে বল মাঝখানে আসার পর পেছন ফিরে ব্যাকফ্লিকের চেষ্টা করেন হামজা। কিন্তু তাঁর সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচের একপর্যায়ে বলের দখল বাড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। ৩৫ মিনিটে বলের নিয়ন্ত্রণে তাদের দখল ছিল ৫৩ শতাংশ। তবে সেই আধিপত্য থেকে বড় কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। ৪০ মিনিটে বাম দিক থেকে ডি সিলভার বিপজ্জনক ক্রস বাংলাদেশের রক্ষণকে কিছুটা চাপে ফেললেও গোলের দেখা পায়নি শ্রীলঙ্কা।
প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন হামজা। এরপর জোরালো শট নেন তিনি। বলটি গোলরক্ষকের হাঁটুতে লেগে পোস্টে আঘাত করার পর জালে জড়িয়ে যায়। অধিনায়কের এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।








