রাকিবের দারুণ ফিনিশিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪ গোল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক গোল করে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে লঙ্কানদের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে স্বাগতিকরা। এবার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেছেন রাকিব হোসেন।
বিজ্ঞাপন
সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বুধবারের ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। সেই লক্ষ্য সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে হামজা চৌধুরীর দল।
ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন হামজা। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই গোলের দেখা পায় বাংলাদেশ।
ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ক্রস বাড়ান হামজা। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বলটি ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা শামিত সোম প্রথম শট নিলে তা এক লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবার শট নিয়ে জালে পাঠান তিনি। এতে এগিয়ে যায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
প্রথম গোলে সহায়তা করার পর দ্বিতীয় গোলটি নিজেই করেন অধিনায়ক হামজা। ইব্রাহিমের বাড়ানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। গোলরক্ষক পেরেরা এগিয়ে এলেও তাকে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল।
এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। কয়েকটি আক্রমণও তৈরি করে তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলে আরও পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢোকেন তিনি। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে কোনাকুনি শটে বল জালে পাঠান। তার এই ব্যক্তিগত নৈপুণ্যে মুগ্ধ হয় পুরো স্টেডিয়াম।
বিজ্ঞাপন
এরপর বাংলাদেশের পাল্টা আক্রমণগুলোও শ্রীলঙ্কার জন্য বড় বিপদ হয়ে দেখা দেয়। এমনই এক আক্রমণে গোলরক্ষকের মুখোমুখি হয়ে রাকিব হোসেন ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান। তাতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।
এই ম্যাচের ফল গ্রুপের সমীকরণেও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে ভুটান রানার্সআপ হিসেবে সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে।








