Logo

হামজার প্রত্যাবর্তনে গ্যালারিতে দর্শকের ঢল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২২:০৮
হামজার প্রত্যাবর্তনে গ্যালারিতে দর্শকের ঢল
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টে স্বাগতিক দল অন্যতম ফেবারিট হলেও শুরুর দিকে গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। টিকিটের দাম কমিয়ে ১ হাজার থেকে ৮০০ টাকা করা হলেও দর্শক টানতে পারেনি কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর প্রত্যাবর্তনেই বদলে গেছে গ্যালারির চিত্র। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে স্টেডিয়াম।

বিজ্ঞাপন

এদিন সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। একাদশে তার উপস্থিতি এবং নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ওই ম্যাচে গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা বাড়তে থাকে। বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মাঠে ঢুকতে থাকেন সমর্থকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যালারির অধিকাংশ অংশ দর্শকে পূর্ণ হয়ে যায়।

টিকিটের দাম কমানোর পাশাপাশি দর্শক ফেরার পেছনে হামজা চৌধুরীর উপস্থিতিই বড় কারণ বলে মনে করছেন অনেকে। ইংল্যান্ডে খেলা এই মিডফিল্ডার ফিফা উইন্ডোর বাইরে থাকায় বাংলাদেশের প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি। তার দেশে ফেরার খবর থেকেই সমর্থকদের মধ্যে সাফ নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে অনুশীলনের সময় হামজাকে ঘিরে সমর্থকদের উন্মাদনার একটি ঘটনাও ঘটে। বাংলাদেশের জার্সি পরা এক কিশোর গ্যালারির সামনের বেড়া টপকে মাঠে ঢুকে হামজার কাছে চলে যান। এরপর তার পায়ে ছুঁয়ে সালাম করেন। নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে হামজা ওই সমর্থককে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান।

৪ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা ২৫ বছর বয়সী সালমান হোসেন বলেন, ‘আগের ম্যাচে আসিনি হামজা ছিলো না। টিকিটের দামও বেশি ছিল। যদিও আজও বেশি কিন্তু হামজা আসায় চলে আসলাম। আশা করি জিতে ফিরবো।’

বিজ্ঞাপন

একই গেট দিয়ে প্রবেশ করা সাকিব শেখ বাংলাদেশের একাদশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তার মতে, কোচ থমাস ডুলি এবার উপযুক্ত একাদশ নির্বাচন করেছেন। এদিন শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনা হয়। জামাল ভূঁইয়ার জায়গায় খেলছেন হামজা এবং ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফারহান।

সাকিব বলেন, ‘ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইক খেলালো, এটা কোনো কথা হতে পারে না। আজকে দেখলাম একাদশ ঠিকঠাক হয়েছে। তাই আরও বেশি আশাবাদী।’

জাতীয় দলের হয়ে ১১ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম অধিনায়কত্ব করছেন হামজা। তার নেতৃত্ব নিয়েও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। মিঠুন নামের এক দর্শক বলেন, ‘হামজাকে তো আরও অনেকদিন আগেই অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল। এই দলে কেউ অধিনায়ক হওয়ার যোগ্যতা থাকলে সেট হামজারই আছে। আসার পথে হামজার অধিনায়ক হওয়া শুনে খুশি লাগছে।’

বিজ্ঞাপন

এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় স্বাগতিকদের। তবে পরবর্তী পর্বের আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সমর্থকদের।

৬১ বছর বয়সী আব্দুল সালাম নাতিকে সঙ্গে নিয়ে খেলা দেখতে এসেছেন। তিনি বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত হলেও আমাদের জিততে হবে। জয়ের মধ্যে থাকলে সেমিফাইনালেও আত্মবিশ্বাস থাকবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD