সামিত সোমের দারুণ গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই সামিত সোমের গোলে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। দলের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন হামজা চৌধুরী। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শটটি অবশ্য ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
এর দুই মিনিট পরই গোলের সুযোগ তৈরি করেন হামজা। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল পেয়ে বক্সের ভেতর থেকে শট নেন সামিত সোম। প্রথম প্রচেষ্টা লঙ্কান এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। তাঁর গোলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে।
সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মিডফিল্ডারের দায়িত্ব পালন করছেন হামজা। বাংলাদেশের আক্রমণ সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। অন্যদিকে, ভুটানের বিপক্ষে গোল করা ইব্রাহিম আজ খেলছেন স্ট্রাইকার পজিশনে।








