Logo

দেশের মানুষের নিরাপত্তায় কথার বদলে কার্যকর পদক্ষেপ চান সোহান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৪:৫০
দেশের মানুষের নিরাপত্তায় কথার বদলে কার্যকর পদক্ষেপ চান সোহান
ছবি: সংগৃহীত

দেশের মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর চিন্তার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন সোহান।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি কোনো ক্ষমতা হতে পারে না। আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।’

সোহানের মতে, নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জাতীয় দলের এই ক্রিকেটার লেখেন, ‘একজন বাংলাদেশি হিসেবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সংঘাত চাই না প্রতিশোধ চাই না অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সোহান আরও লেখেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান, কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

নিজের বক্তব্যের শেষাংশে একটি নিরাপদ দেশের প্রত্যাশা তুলে ধরেন তিনি। সোহানের ভাষায়, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয় আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানুষ নিরাপদ খুলনা নিরাপদ বাংলাদেশ’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান। ৩টি অর্ধশতকের সাহায্যে তাঁর সংগ্রহ ১ হাজার ৩৩৪ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD