Logo

মালয়েশিয়াকে ২০৫ রানে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ২০:৪৪
মালয়েশিয়াকে ২০৫ রানে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। ব্যাট হাতে আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রানের দুর্দান্ত ইনিংসের পর বল হাতে তাফিউল আলম তামিমের ৭ উইকেট জয়ে বড় ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।

এই জয়ের ফলে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে শ্রীলঙ্কা। আর গ্রুপের তলানিতে রয়েছে মালয়েশিয়া।

ম্যাচে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং বিপর্যয় সামাল দেন আহসান আল মুমিন। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ব্যক্তিগত শতক, এরপর ইনিংস নিয়ে যান দেড়শর ঘরে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ১৩৩ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রবিউল হাসান অনিক। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহি ২২, আল রাফি ২১, ফরিদ হাসান ১৭ এবং ফাহান সাদিক করেন ১৬ রান।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের গতিময় ও কার্যকর বোলিংয়ে একের পর এক উইকেট হারায় দলটি।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন সাতনাকুমারান। ফিরাস তাকিউদ্দিনের ব্যাট থেকে আসে ২০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

বিজ্ঞাপন

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন তামিম। একাই শিকার করেন ৭টি উইকেট। রিজন নেন আরও দুটি উইকেট। ফলে ৯৮ রানেই শেষ হয় মালয়েশিয়ার লড়াই। চার ম্যাচের গ্রুপ পর্ব শেষে এবার সেমিফাইনালে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত বাংলাদেশ যুবারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD