বিশ্বকাপে চমকের পর এবার ট্রফি জিতলেন ভোজিনহা

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বে আলোড়ন তোলা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। এবার চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে ঘরোয়া লিগের শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
বিজ্ঞাপন
রবিবারলিগের ২৭তম রাউন্ডে নুবলেন্সেকে ২-১ গোলে হারিয়েছে কোলো-কোলো। টানা তৃতীয় ম্যাচে শুরুর একাদশে জায়গা পাওয়া ভোজিনহা ক্লাবটির হয়ে নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ম্যাচের শেষ মুহূর্তে তাঁর দুর্দান্ত একটি সেভ দলকে জয় নিশ্চিত করতে সহায়তা করে। ৯৭তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এর আগে যোগ করা সময়ে জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে ছয় গজ বক্সের ভেতর বল পেয়ে জয়সূচক গোল করেন মার্কোস বোলাদোস।
এর আগে ম্যাচের ১৩তম মিনিটে গোল করে কোলো-কোলোর হয়ে লিড এনে দেন সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা মিডফিল্ডার আরতুরো ভিদাল। তবে ২৯তম মিনিটে লুকাস মলিনা গোল করে নুবলেন্সেকে সমতায় ফেরান।
বিজ্ঞাপন
এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ৬১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে কোলো-কোলো। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির পয়েন্ট ৫১। বাকি তিন ম্যাচ জিতলেও শীর্ষ দলকে টপকে যাওয়ার সুযোগ নেই তাদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচ শেষে ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত ভোজিনহা বলেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারজুড়ে আমার যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই চূড়ান্ত পরিণতি এটি।’
আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের অভিযানে কোলো-কোলোর সঙ্গে থাকবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আজ উদযাপনের দিন। পরে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
বিজ্ঞাপন
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর কোলো-কোলোর সঙ্গে গত ছয় মাসের চুক্তি করেন ভোজিনহা। প্রাথমিক চুক্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ফলে ২০২৭ সালের শেষ পর্যন্ত চিলির সান্তিয়াগোভিত্তিক ক্লাবটিতে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।








