টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতে মেসির রেকর্ডের ছড়াছড়ি

মেজর লিগ সকারে (এমএলএস) নিজের চতুর্থ মৌসুম শেষ করেই রেকর্ডের পাতায় আরও কয়েকটি কীর্তি যোগ করলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমেও গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত মৌসুমে ২৬টি গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন মেসি। এ ক্ষেত্রে তার ধারেকাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। এফসি ডালাসের পিটার মুসা ২২টি এবং ন্যাশভিলের স্যাম সুরিজ ২১টি গোল করে তালিকার পরের দুটি অবস্থানে রয়েছেন।
শুধু গোল করেই নয়, আক্রমণভাগের আরও কয়েকটি পরিসংখ্যানেও সবার ওপরে রয়েছেন মেসি। প্রতি ম্যাচে গোলের গড় ০.৮৭ নিয়ে শীর্ষে আছেন তিনি। পাশাপাশি গোল অবদানের সংখ্যা ৪৩ এবং এক ম্যাচে একাধিক গোল করার ক্ষেত্রে ছয়বারের কৃতিত্ব নিয়ে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন। প্রতি ৯০ মিনিটে গোলের হিসাবে ০.৯১ গড় নিয়ে তার অবস্থান দ্বিতীয়।
মেসির এবারের পারফরম্যান্সের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পেনাল্টি ছাড়াই গোল করার সামর্থ্য। ২৬টি গোলের মধ্যে মাত্র একটি এসেছে স্পট কিক থেকে। অর্থাৎ পেনাল্টি ছাড়া ২৫টি গোল করেছেন তিনি, যা এমএলএসের এক মৌসুমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষেও রয়েছেন মেসি। ২০২৫ সালে পেনাল্টি ছাড়া ২৮টি গোল করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫টি গোল করার নজির গড়েছেন এই আর্জেন্টাইন তারকা। ২০২৫ সালে তার গোলসংখ্যা ছিল ২৯।
গত তিন মৌসুমের পরিসংখ্যানও মেসির ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে। এই সময়ে সব মিলিয়ে ৭৫টি গোল করেছেন তিনি, যা এমএলএসের ইতিহাসে তিন মৌসুমের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০টি করে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। লিগের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এই কৃতিত্বে এখন তার পাশে রয়েছেন ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বোয়াঙ্গা, যিনি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন মৌসুমে এমন সাফল্য পেয়েছেন।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও অনন্য উচ্চতায় পৌঁছেছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৪০টি গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। ২০২৬ মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪৩টি, যা এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদানের তালিকায় তৃতীয় অবস্থানে রেখেছে তাকে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে ২০২৪ থেকে ২০২৬—এই তিন মৌসুমে মেসির গোল অবদানের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। এমএলএসের ইতিহাসে এই সময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের অবদান ৯৮ গোল। অর্থাৎ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৯ গোলে এগিয়ে থেকে নিজের আধিপত্য আরও স্পষ্ট করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।








