Logo

প্রথমবার বাংলাদেশে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ২১:১৯
প্রথমবার বাংলাদেশে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা বসবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ার পাঁচ দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটাররা এই আসরে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। সংস্থাটি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন আয়োজকেরা।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের প্রতিভা ও অর্জন আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি তাদের জন্য নতুন সুযোগ তৈরিতেও ভূমিকা রাখবে এই আয়োজন।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের এক্সক্লুসিভ গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

আয়োজকদের লক্ষ্য, প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা। একই সঙ্গে ক্রিকেটকে কেন্দ্র করে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সমতার বার্তা ছড়িয়ে দিতে চান তারা।

দেশে প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনকে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও জোরদার করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD