Logo

হৃদয়-মুশফিকের জুটিতে লড়ছে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ২০৭ রান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:৫০
হৃদয়-মুশফিকের জুটিতে লড়ছে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ২০৭ রান
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তৃতীয় সেশনের আগে চা বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৬২ রান। জয়ের জন্য এখনো ২০৭ রান প্রয়োজন বাংলাদেশের। অন্যদিকে সিরিজে ২-০ ব্যবধানে জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ৮ উইকেট।

বিজ্ঞাপন

লাঞ্চের পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে ৩৪ ওভারে এসেছে ১১৩ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছিলেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫তম ওভারে জোশুয়া বিশপকে চার মেরে ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। দ্বিতীয় সেশন শেষে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে মুশফিকের সংগ্রহ ৪০ রান।

এর আগে দিনের প্রথম সেশনে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান দুই ওপেনারকে ফিরিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান। তবে হৃদয় ও মুশফিকের প্রতিরোধে সেই সম্ভাবনায় বাধা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ওয়ারিকান বল হাতে নেওয়ার পরই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তাঁর বলে জোশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৩২ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করেন তিনি। ৩৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর অধিনায়ক শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার প্রথমে তাঁকে আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেটটি আদায় করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশন শেষ হয় ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান নিয়ে।

এর আগে শেষ দিনের সকালে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জয়ের জন্য স্বাগতিকদের ৭৮ ওভারে এই রান করতে হবে।

বিজ্ঞাপন

দিনের শুরুতে ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা কাভেম হজ ও ২০ রানে অপরাজিত থাকা আমির জাঙ্গুর জুটি ভাঙে দ্রুতই। দিনের মাত্র পাঁচ বল খেলে বিদায় নেন হজ। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করে নাঈম হাসানের শিকার হন তিনি। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।

এরপর টানা দুই ওভারে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রান করে নাঈমের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

দলীয় ৩৫০ রানে চতুর্থ এবং ৩৭২ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান বাড়ে। মাত্র ১১ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করেন তিনি। তাঁর সঙ্গে ৩৯ রানে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু। শেষ পর্যন্ত ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে তাওহীদ হৃদয়ের অসাধারণ ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান করে। ফলে শেষ দিনে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। এখন হৃদয়-মুশফিকের ব্যাটেই তাকিয়ে বাংলাদেশের সমর্থকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD