ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে নতুন ইতিহাস গড়লেন মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও।
বিজ্ঞাপন
ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। তবে সিলেটে দ্বিতীয় টেস্টে দলে ফিরে প্রথম ইনিংসে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েছেন ঐতিহাসিক এই কীর্তি।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৯ ও ৩ রান করেছিলেন তিনি। এরপর দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
সিলেট টেস্টে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। ফলে ঐতিহাসিক মাইলফলক ছুঁতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।
বিজ্ঞাপন
বিশ্ব টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে। টেস্ট ক্যারিয়ারে ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৬ হাজার ৯৯৬ রান। বর্তমানে মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার টেস্ট রানের সংখ্যা ৭ হাজার ৩৭।
বাংলাদেশের ক্রিকেটে একের পর এক অর্জনের মাধ্যমে ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছেন মুশফিকুর রহিম। টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে।








