সাফ ফুটবলে প্রথমবার আসছে ভিএআর, পরিচালনা হবে থাইল্যান্ড থেকে

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন প্রযুক্তির সংযোজন হতে যাচ্ছে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সেমিফাইনালের দুটি ম্যাচের পাশাপাশি ফাইনালেও থাকবে এই প্রযুক্তির সুবিধা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
বিজ্ঞাপন
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সাফ। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সরাসরি ভিএআর পরিচালনা করা হবে না। থাইল্যান্ডে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে দূরবর্তী পদ্ধতিতে প্রযুক্তিটির কার্যক্রম পরিচালিত হবে।
এই পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হবে। সেখানে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা। তারা ফুটেজ পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুযায়ী মাঠের রেফারিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবেন।
এদিকে প্রযুক্তিটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। এ ছাড়া কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে উপস্থিত থেকে প্রযুক্তিগত কার্যক্রম তদারকি করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা থেকে থাইল্যান্ডে সরাসরি ভিডিও পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ও দূরত্বজনিত জটিলতার আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সাফ।
সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’
সাফের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে পুরুষোত্তম কাট্টেল আরও বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’
বিজ্ঞাপন
ভিএআর প্রযুক্তি ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রেফারিরা ভিডিও পর্যালোচনার সুযোগ পাবেন। বিশেষ করে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং খেলোয়াড় শনাক্তের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় প্রযুক্তিটি সহায়তা করবে। ফলে সাফের নকআউট পর্বের ম্যাচগুলোতে রেফারিংয়ের নির্ভুলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








