Logo

বাহরাইনে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৮:৫৩
বাহরাইনে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিলো ইরান
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে নতুন করে হামলা চালানো হলে আরও কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার কথা জানায় আইআরজিসি।

এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে হামলা চালিয়েছে শত্রুপক্ষ।

আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং তেল চোরাচালান বন্ধে প্রতিপক্ষকে সতর্ক করাও এ পদক্ষেপের উদ্দেশ্য বলে জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট আরও জোরালোভাবে পাল্টা আঘাত হানবে।

ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্সের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রাডার স্থাপনাটি ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কিংবা বাহরাইনের মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযান পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনা।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকেই ওই সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় প্রকাশিত স্যাটেলাইট ছবিতে কয়েকটি রাডার গম্বুজে আঘাতের চিহ্ন এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি দেখা যায়।

এদিকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে নিয়মিত সামরিক প্রস্তুতির অংশ হিসেবেও সেনা ও সরঞ্জাম স্থানান্তর করা হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত।

বিজ্ঞাপন

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অবস্থান কিছুটা ভিন্ন। তাঁর মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। ফলে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রয়োজন নেই।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।

তিনি সতর্ক করে বলেছেন, এসব সামরিক ঘাঁটিকে ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD