সাধারণ সৈনিকের ধমক খেলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তাঁর সফরসঙ্গীদের নীরবতা বজায় রাখার নির্দেশ দিয়ে আলোচনায় এসেছেন দেশটির সেনাবাহিনীর এক সাধারণ সদস্য। ওয়াশিংটনের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিসৌধে দায়িত্ব পালনের সময় তাঁদের শিষ্টাচার মেনে চলতে সতর্ক করেন তিনি। পরে ওই সেনাসদস্যকেই পদক দিয়ে সম্মানিত করেছেন হেগসেথ।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর। ওই দিন আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ এলাকায় ছবি তুলছিলেন প্রতিরক্ষামন্ত্রী, তাঁর স্ত্রী এবং কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী।
এ সময় তাঁদের মধ্যে কথাবার্তা ও হাসির শব্দ শোনা যায়। এতে দায়িত্বে থাকা সেনাসদস্য তাঁদের সতর্ক করে নীরবতা ও শ্রদ্ধা বজায় রাখার নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্মৃতিসৌধের সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তোলার সময় হেগসেথের দলের সদস্যরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। একপর্যায়ে পাহারার দায়িত্বে থাকা সেনাসদস্য তাঁদের দিকে ফিরে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনা শুরু হয়। দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্মৃতিসৌধে দায়িত্ব পালনকারী সেনাসদস্যের এমন সতর্কবার্তা এবং সেখানে উপস্থিত উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আচরণ নিয়ে সমালোচনাও দেখা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ওই সেনাসদস্য যথাযথ ও সম্মানজনকভাবেই সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। দেশের নিরাপত্তা রক্ষায় সেনাসদস্যদের আত্মত্যাগের প্রতি প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগ সব সময় শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই সেনাসদস্যকে বিশেষ পদকে ভূষিত করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর নাম থমাস ইগলেসিয়াস। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশালিস্ট পদমর্যাদার সদস্য এবং থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘দ্য ওল্ড গার্ড’ ইউনিটে কর্মরত।
বিজ্ঞাপন
পেন্টাগন জানায়, ১১ নভেম্বর সমাধিসৌধে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দেওয়া হয়েছে।
পদক পরিয়ে দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন হেগসেথ। ছবির সঙ্গে তিনি লেখেন, আমরা সেনাসদস্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো করেছেন, স্পেশালিস্ট।
সামরিক বাহিনীতে এই পদককে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত জুনিয়র পর্যায়ের তালিকাভুক্ত সেনাসদস্যদের এমন পদক দেওয়া হয় না।
বিজ্ঞাপন
আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্মৃতিসৌধ। বিভিন্ন যুদ্ধে নিহত হলেও যেসব মার্কিন সেনাসদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাঁদের কয়েকজনের দেহাবশেষ সেখানে সমাহিত রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাতনামা সেনাদের স্মৃতিও বহন করছে স্থানটি।
১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত এবং প্রতিকূল আবহাওয়াতেও এই সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত এই ইউনিটের সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা ও আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয়।
এদিকে, ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন রাজনৈতিকভাবেও চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ঘটনার আগের দিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ আটকে যায়। রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতায় প্রস্তাবটি আর এগোয়নি।
বিজ্ঞাপন
তবে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে অভিশংসনের উদ্যোগটি আবারও সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন। ইরানে যুদ্ধ পরিচালনা, বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর নীতিমালা উপেক্ষা এবং সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাসহ বিভিন্ন বিষয়ে হেগসেথের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি ও তাঁর সমর্থকেরা।
অন্যদিকে, এসব অভিযোগকে নীতিগত মতবিরোধ হিসেবে বর্ণনা করেছেন হেগসেথ। তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে ‘নাশকতা’ বলেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
সূত্র: এপি।








