Logo

‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:৫০
‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা
ছবি: সংগৃহীত

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং বার্ধক্যের গতি কমানোর সম্ভাবনা খুঁজছে রাশিয়া। এ লক্ষ্য সামনে রেখে দেশটির বিজ্ঞানীরা সাত হাজারের বেশি বানরের ওপর গবেষণা চালাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহকে ঘিরে এ গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউটে চলছে এই গবেষণা। সেখানে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন গবেষকেরা। কয়েকটি বানরের বয়স ৩০ বছরেরও বেশি। দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত জৈবিক বৈশিষ্ট্য অনুসন্ধানে তাদের রক্ত, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করা হচ্ছে।

গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক পরামর্শক হিসেবে পরিচিত। মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিভিন্ন ধরনের শারীরিক ও জৈবিক পরীক্ষা চালানো হচ্ছে। এসব পরীক্ষায় রয়েছে রক্তের জৈব রাসায়নিক বিশ্লেষণ, রক্তনালির অবস্থা পর্যবেক্ষণ, শারীরিক গঠন পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোভালচুকের মতে, মানুষের সঙ্গে শারীরিক ও জৈবিক মিল থাকায় বানর দীর্ঘায়ু নিয়ে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। এসব পরীক্ষা থেকে মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ ব্যাংকও গড়ে তুলেছেন গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তান্তিন কোটেনকোর দাবি, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তার মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। ৪১ বছর বয়সী এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া বার্ধক্য প্রতিরোধ এবং বয়সজনিত সমস্যা মোকাবিলায় ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন। বাবার নাম সরাসরি উল্লেখ না করলেও দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রেরণা হিসেবে মৃত্যুভীতির বিষয়টি তুলে ধরেন তিনি।

গত বছর চীন সফরের সময়ও পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা আলোচনায় আসে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথোপকথন খোলা মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে অঙ্গ প্রতিস্থাপনের অগ্রগতি এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে দুই নেতাকে আলোচনা করতে শোনা যায়।

বিজ্ঞাপন

ওই কথোপকথনে পুতিনকে বলতে শোনা যায়, অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তির উন্নতির ফলে মানুষ আরও দীর্ঘদিন তরুণ থাকতে পারে। ভবিষ্যতে অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন পুতিন। তবে এত দীর্ঘ আয়ুও তার কাছে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছিলেন তিনি।

রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা শুধু বানরের ওপর পরীক্ষায় সীমাবদ্ধ নয়। বার্ধক্য মোকাবিলায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং এবং জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও কাজ করছেন বিজ্ঞানীরা। জেনোট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের চিকিৎসায় ব্যবহারযোগ্য অঙ্গ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া বার্ধক্যের প্রক্রিয়া ধীর করতে বিশেষ ওষুধ তৈরির উদ্যোগও রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ওষুধে বার্ধক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত রেজ জিনের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করছেন রুশ বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

তবে এসব গবেষণা এখনো মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা অমরত্ব অর্জনের নিশ্চয়তা দেয় না। দীর্ঘায়ু গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হলেও এর বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা প্রমাণের জন্য আরও বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD