Logo

তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা শি জিনপিংয়ের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:৪৩
তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা শি জিনপিংয়ের
ছবি: সংগৃহীত

তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার লক্ষ্য থেকে সরে আসছেন না দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বীপটির সঙ্গে পূর্ণ একীভূতকরণকে চীনের ঐতিহাসিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এই লক্ষ্য বাস্তবায়ন হবেই। তবে বেইজিংয়ের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন শি জিনপিং। বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাইওয়ান প্রশ্নে চীনের অবস্থান তুলে ধরেন।

শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির একটি অবিচল ঐতিহাসিক দায়িত্ব। তিনি বলেন, ‘ইতিহাসের গতিধারা থামানো যাবে না। মাতৃভূমির পূর্ণ একীভূতকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা বাস্তবায়িত হবেই।’

তবে চীনের এই অবস্থানের সঙ্গে একমত নয় তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির অধীনে চীনের শাসন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। কাউন্সিলের মতে, এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে শেষ পর্যন্ত তাইওয়ানকে চীনের কমিউনিস্ট পার্টির কর্তৃত্ব মেনে নিতে হবে। তাই প্রস্তাবটি সরকার ও জনগণ—কারও কাছেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, শি জিনপিংয়ের বক্তব্য অনুযায়ী, চীন শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করতে আগ্রহী। বেইজিংয়ের দাবি, চীন ও তাইওয়ান একই দেশের অংশ। এই অবস্থানের ভিত্তিতে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত চীন।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে দ্বীপটির আশপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোন ছিল। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে এগুলো ওই অঞ্চলে সামরিক মহড়া ও টহল চালিয়েছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। তবে দ্বীপটির সরকার এই দাবি মানতে নারাজ। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা রেখেছে চীন। যদিও এবারের ভাষণে শি জিনপিং সরাসরি সামরিক পদক্ষেপের কোনো ঘোষণা দেননি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীনা বাহিনী। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। ফলে তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও দ্বীপটির মধ্যকার রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD