ইমরান খানের পরিবারের সঙ্গে সরকারের গোপন আলোচনা

পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পর্দার আড়ালে যোগাযোগ শুরু হয়েছে দেশটির সরকার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে। এই উদ্যোগে এবার সরাসরি যুক্ত হয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক যোগাযোগে কিছু অগ্রগতি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ তৈরি হতে পারে বলেও আশা করছেন উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
বিজ্ঞাপন
সূত্রের বরাতে জানা গেছে, যোগাযোগের অংশ হিসেবে ইমরান খানের পরিবারের সদস্য ও তাঁর বোনদের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এরই মধ্যে ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁদের মুক্তির ঘটনাকে চলমান যোগাযোগের দৃশ্যমান অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই প্রক্রিয়ায় পিটিআইয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছাড়াও সরকারি ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে যোগাযোগে অংশ নেওয়া ব্যক্তিরা এখনই নিজেদের পরিচয় প্রকাশ করতে কিংবা প্রকাশ্যে ভূমিকার কথা স্বীকার করতে চাইছেন না।
যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তাঁর বক্তব্য, এ ধরনের বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন না।
ইমরান খানের ভগ্নিপতি আহাদ খানও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পর্দার আড়ালে চলা যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে পাকিস্তানে সরকার ও পিটিআইয়ের মধ্যে রাজনৈতিক বিরোধ, পাল্টাপাল্টি বক্তব্য এবং কঠোর অবস্থান চলছে। এতে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধের প্রভাব পড়েছে পিটিআইয়ের নেতৃত্ব, ইমরান খানের পরিবার এবং সরকারের সঙ্গে দলটির সম্পর্কেও।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, আলোচনায় ইমরান খানের পরিবারের সদস্যদের যুক্ত হওয়ায় সমঝোতার নতুন সুযোগ তৈরি হতে পারে। রাজনৈতিক বিরোধ আরও বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে বিতর্কিত বিষয়গুলোর সমাধান খোঁজাই এই উদ্যোগের লক্ষ্য।
তবে চলমান যোগাযোগ শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই উদ্যোগকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার চেষ্টা চলছে। সেটি সফল হলে পিটিআই ও সরকারের মধ্যে বৃহত্তর সমঝোতার পথ খুলতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: জিও টিভি।








