লং মার্চ প্রত্যাহার করে পিটিআইকে আলোচনায় বসার আহ্বান শেহবাজের

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া লং মার্চ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) চলমান কর্মসূচি স্থগিত করে সরকারের সঙ্গে ফের আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পিটিআই সমর্থকদের এই পদযাত্রায় ইতোমধ্যে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। উত্তেজনা প্রশমনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর গত রোববার ইমরানের মুক্তির দাবিতে লং মার্চ শুরু করেন তার সমর্থকেরা।
পিটিআইয়ের শীর্ষ নেতাদের উদ্দেশে শেহবাজ শরিফ বলেন, “আমি প্রত্যাশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আপনার লং মার্চ এবং অবস্থান ধর্মঘট শেষ করুন। এসব বন্ধ করলেই আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বসে আলোচনা করব।”
বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করাকে তিনি “রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার সামিল” বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শেহবাজ বলেন, “আমরা কোনোভাবেই এমনটি হতে দেব না। আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব এবং যেকোনো মূল্যে আমরা তা নিশ্চিত করব।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের কর্তৃপক্ষ। গত ২৭ সেপ্টেম্বর লং মার্চ শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের বরাতে জানা গেছে, গত সোমবার পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজার হাজার মানুষকে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ওই বছরের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তার আইনজীবীরা। তাদের ভাষ্য, এসব মামলার মূল উদ্দেশ্য ইমরান খানের রাজনৈতিক জনপ্রিয়তা ক্ষুণ্ন করা।








