বমি করতে গিয়ে কাঁটাচামচ গিলে বিপাকে ২৭ বছর বয়সী না

বমি করার চেষ্টা করতে গিয়ে বড় একটি কাঁটাচামচ গিলে ফেলেছেন নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সী এক নারী। পরে সেটি তার পাকস্থলীতে আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে এন্ডোস্কোপির মাধ্যমে বস্তুটি বের করার চেষ্টা করেন চিকিৎসকরা। দুই দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে কাঁটাচামচটি বের করতে হয়।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের ওয়াইকাটো হাসপাতালে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
হাসপাতালে নেওয়ার পর ওই নারীর এক্স-রে করা হলে পাকস্থলীর ভেতরে পুরো কাঁটাচামচটি আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর চিকিৎসকরা সেটি বের করার উদ্যোগ নেন।
এ বিষয়ে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক চিকিৎসক জেসি ফিশার নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ওই নারী কী কারণে কাঁটাচামচ ব্যবহার করে বমি করার চেষ্টা করেছিলেন, তা বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি কোনো সামাজিক আয়োজনে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিছক মজা করার উদ্দেশ্যে এমনটি করা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
বিজ্ঞাপন
চিকিৎসক জেসি ফিশার আরও জানান, ওই নারীর আগে থেকে খাদ্যাভ্যাসজনিত কোনো মানসিক সমস্যা কিংবা মানসিক রোগের ইতিহাস ছিল না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে এন্ডোস্কোপির সাহায্যে মুখ দিয়ে কাঁটাচামচটি বের করার চেষ্টা করা হয়। তবে পরপর দুইবার চেষ্টা করেও চিকিৎসকরা সফল হননি। পরে বিকল্প হিসেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
একপর্যায়ে ল্যাপারোস্কোপিক বা কী-হোল পদ্ধতিতে অস্ত্রোপচার করে পাকস্থলী থেকে কাঁটাচামচটি বের করা হয়। এ জন্য পেটে প্রায় চার সেন্টিমিটার কাটতে হয়েছিল। বস্তুটি বের করার পর অস্ত্রোপচারের ক্ষতস্থান বন্ধ করে দেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
জেসি ফিশার জানান, কাঁটাচামচটি পাকস্থলীতে পৌঁছালেও কোনো ছিদ্র তৈরি করেনি। সৌভাগ্যক্রমে ওই নারীর শারীরিক অবস্থাও ভালো ছিল। এত বড় একটি কাঁটাচামচ কীভাবে পাকস্থলীতে পৌঁছেছিল, তা চিকিৎসকদের কাছেও বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়ায়।
অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থায় কোনো জটিলতা দেখা দেয়নি। মাত্র দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি স্বাভাবিক খাবার খাওয়াও শুরু করেন।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বমি করানোর উদ্দেশ্যে কখনোই কাঁটাচামচ কিংবা এ ধরনের কোনো বস্তু মুখে প্রবেশ করানো উচিত নয়। এতে গুরুতর শারীরিক জটিলতা তৈরি হতে পারে এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনও দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি ও নিউজিল্যান্ড হেরাল্ড।








