আমার আহ্বানেই সোনার দাম কমেছে, দাবি মোদির

ভারতে গত ছয় মাসে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমেছে। মূল্যবান এই ধাতুর চাহিদা কমার পেছনে দেশবাসীর ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ সোনা কেনা কমিয়েছেন বলেই দাম কমেছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোদি।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জানান, গত মে মাসে তিনি দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। সাধারণ মানুষ তাঁর সেই পরামর্শ মেনে চলায় স্বর্ণের চাহিদা কমেছে। এখন অনেকেই তাঁকে বলছেন, তাঁর পরামর্শ অনুসরণ করায় তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।
মোদি জানান, বর্তমানে ভারতের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১২ হাজার ৫২৩ রুপি। গত মে মাসে তাঁর আহ্বানের সময় প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। অর্থাৎ ছয় মাসে গ্রামপ্রতি দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।
বিজ্ঞাপন
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে স্বর্ণের ওজন ও কেনাবেচার প্রচলিত হিসাব অনুযায়ী, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে গত মে মাসে ভারতে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপিতে। অর্থাৎ প্রায় ছয় মাসে ভরিপ্রতি দাম কমেছে ৩১ হাজার ৮০৮ রুপি।
শনিবারের ভাষণে মোদি বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম যে, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না।”
নিজের এই আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া এক বেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোদি বলেন, “সেদিনও দেশবাসী তার (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ যখন সোনা কম কেনার অনুরোধ করলেন, তখন দেশবাসী তা মেনে চলল—ফলে সোনার দাম কমে গেল। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি, আর তাতে আমাদের অর্থ বেঁচে গেছে’।”
মে মাসে কেন সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে গত ৯ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদে এক জনসভায় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান মোদি।
সেদিন তিনি বলেছিলেন, “স্বর্ণ কেনার ক্ষেত্রেও প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের সংকল্প নেওয়া উচিত যে, অন্তত এক বছর আমরা সোনা কিনব না।”
ওই জনসভায় স্বর্ণ কেনা কমানোর পাশাপাশি নাগরিকদের জ্বালানির ব্যবহার সীমিত করা, বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোরও পরামর্শ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসেও প্রয়োজন ছাড়া সোনা না কেনার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
স্বর্ণ আমদানি কমেছে প্রায় ৪০ শতাংশ
ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে।
এই সাত মাসে ভারতে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি হয়েছে। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
বিজ্ঞাপন
এদিকে গত মে মাসে ভারত সরকার স্বর্ণ ও রুপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরদিনই দেশটির গয়না ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে গয়নার চাহিদা ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে নেমে এসেছে।
তবে স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার, আমদানি শুল্ক ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। স্বর্ণের দাম কমার পুরো কৃতিত্ব নিজের আহ্বানকে দেওয়ার বিষয়টি মোদির ব্যক্তিগত দাবি।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি।








