সোনায় বিনিয়োগের সহজ উপায়, মুনাফার আগে জানুন ঝুঁকি

একসময় সোনা মূলত নারীদের অলংকার তৈরির উপকরণ হিসেবেই বেশি পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে বদলেছে এর ব্যবহার ও গুরুত্ব। গত এক দশকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এটি এখন বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু গয়না কেনা নয়, সম্পদের মূল্য ধরে রাখা এবং আর্থিক ঝুঁকি কমানোর কৌশল হিসেবেও সোনার প্রতি আগ্রহ বাড়ছে।
বিজ্ঞাপন
বিনিয়োগকারীদের কাছে সোনার জনপ্রিয়তার অন্যতম কারণ হলো দীর্ঘমেয়াদে এর মূল্য ধরে রাখার সক্ষমতা। পাশাপাশি প্রয়োজনের সময় সহজে বিক্রি করে নগদ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি কিংবা শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিলে অনেক বিনিয়োগকারী সোনাকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন।
কেন সোনা বিনিয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম
সোনার সরবরাহ সীমিত এবং এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ কিংবা আর্থিক দায়ের ওপর নির্ভরশীল নয়। ফলে প্রচলিত অনেক আর্থিক সম্পদের তুলনায় এর বিনিয়োগ বৈশিষ্ট্য আলাদা। সম্পদের বৈচিত্র্য আনতে এবং সামগ্রিক বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে অনেকেই পোর্টফোলিওর একটি অংশ সোনায় রাখেন।
বিজ্ঞাপন
বিনিয়োগ বিশ্লেষকদের মতে, গত এক দশকে বিভিন্ন দেশের বিনিয়োগ পোর্টফোলিওতে ৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সোনা অন্তর্ভুক্ত করলে ঝুঁকির তুলনায় মুনাফার সম্ভাবনা বাড়তে পারত। তবে সোনায় বিনিয়োগের উপযুক্ত পরিমাণ নির্ভর করে বিনিয়োগকারীর আর্থিক অবস্থা, বিনিয়োগের লক্ষ্য এবং সংশ্লিষ্ট বাজারের পরিস্থিতির ওপর।
সোনায় বিনিয়োগ করবেন কেন
বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে।
বিজ্ঞাপন
ঝুঁকি কমানো: শেয়ারবাজার বা অন্যান্য বিনিয়োগ খাতে দরপতন হলে সোনা সামগ্রিক পোর্টফোলিওর ঝুঁকি কিছুটা কমাতে সহায়তা করতে পারে।
সম্পদের মূল্য সংরক্ষণ: দীর্ঘমেয়াদে ক্রয়ক্ষমতা ও সম্পদের মূল্য ধরে রাখার ক্ষেত্রে সোনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহজে নগদায়ন: প্রয়োজনের সময় স্বর্ণবার, মুদ্রা কিংবা অন্যান্য স্বর্ণসম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করা যায়।
বিজ্ঞাপন
বিনিয়োগে বৈচিত্র্য: বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগের পাশাপাশি সোনা রাখলে একটি নির্দিষ্ট বাজারের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমে।
সোনায় বিনিয়োগের বিভিন্ন পদ্ধতি
সরাসরি স্বর্ণালংকার কেনা ছাড়াও বিভিন্ন আর্থিক উপকরণ ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সোনায় বিনিয়োগ করা যায়। বিনিয়োগকারীর সামর্থ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশের বাজারে এসব পদ্ধতির প্রাপ্যতার ওপর নির্ভর করে উপযুক্ত মাধ্যম নির্বাচন করা উচিত।
বিজ্ঞাপন
১. গোল্ড ইটিএফ
সরাসরি সোনা না কিনে বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হলো গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা গোল্ড ইটিএফ। এ ধরনের তহবিল বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে স্বর্ণবার বা সংশ্লিষ্ট স্বর্ণসম্পদে বিনিয়োগ করে।
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসব তহবিলের ইউনিট সাধারণ কোম্পানির শেয়ারের মতো কেনাবেচা করা যায়। ফলে বিনিয়োগকারীদের সরাসরি সোনা কেনা, পরিবহন কিংবা নিরাপদে সংরক্ষণের ঝামেলা থাকে না।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে সাধারণত গোল্ড ইটিএফের মূল্যও বাড়তে পারে। বিপরীতে সোনার দাম কমলে বিনিয়োগের মূল্য হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত বিনিয়োগকারীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এ মাধ্যমে বিনিয়োগ করতে পারে।
২. গোল্ড ফিউচার, অপশন ও ফরোয়ার্ড
সোনার ভবিষ্যৎ বাজারদরকে কেন্দ্র করে বিনিয়োগের আরও কয়েকটি পদ্ধতি রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফিউচার, অপশন ও ফরোয়ার্ড চুক্তি।
বিজ্ঞাপন
গোল্ড ফিউচার: এটি ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে পূর্বনির্ধারিত দামে সোনা কেনা বা বিক্রির চুক্তি। এ চুক্তিতে সোনার পরিমাণ, গুণগত মান, দাম এবং লেনদেনের সময় আগে থেকেই নির্ধারণ করা থাকে। বাজারে সোনার দাম বাড়বে নাকি কমবে, সেই ধারণার ভিত্তিতে বিনিয়োগকারীরা এ ধরনের চুক্তিতে অংশ নেন।
এ পদ্ধতিতে সাধারণত নির্দিষ্ট পরিমাণ জামানত জমা দিতে হয়। বড় আর্থিক প্রতিষ্ঠান ও অভিজ্ঞ বিনিয়োগকারীরা ঝুঁকি ব্যবস্থাপনা কিংবা মুনাফার উদ্দেশ্যে ফিউচার চুক্তি ব্যবহার করেন। তবে বাজারদর প্রত্যাশার বিপরীতে গেলে বড় অঙ্কের লোকসান হতে পারে।
গোল্ড অপশন: এ ব্যবস্থায় ভবিষ্যতে নির্দিষ্ট দামে সোনা কেনা বা বিক্রির অধিকার পাওয়া যায়। তবে চুক্তি অনুযায়ী লেনদেন সম্পন্ন করতে বিনিয়োগকারী বাধ্য নন। বাজার পরিস্থিতি অনুকূলে না থাকলে তিনি সেই অধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিতে পারেন। এ সুবিধার বিনিময়ে সাধারণত প্রিমিয়াম দিতে হয়।
বিজ্ঞাপন
গোল্ড ফরোয়ার্ড: এটি ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে সোনা কেনাবেচার জন্য দুই পক্ষের মধ্যে সরাসরি সম্পাদিত চুক্তি। ফিউচার চুক্তির মতো স্টক এক্সচেঞ্জে লেনদেন না হয়ে দুই পক্ষ নিজেদের প্রয়োজন অনুযায়ী দাম, পরিমাণ ও অন্যান্য শর্ত নির্ধারণ করে।
৩. অনলাইনে সোনায় বিনিয়োগ
প্রযুক্তির অগ্রগতির ফলে এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সোনায় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এ ব্যবস্থায় বিনিয়োগকারী ইন্টারনেটের মাধ্যমে প্রকৃত সোনা কিনতে পারেন। কেনা সোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপদ সংরক্ষণাগারে রাখা হয়।
বিজ্ঞাপন
প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে বিনিয়োগকারী সেই সোনা নিজের কাছে বুঝে নিতে পারেন অথবা বিক্রি করতে পারেন। এ পদ্ধতিতে দোকানে গিয়ে সোনা কেনা কিংবা বাড়িতে সংরক্ষণের প্রয়োজন হয় না।
তবে অনলাইনে সোনা কেনার আগে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, সোনার প্রকৃত মালিকানা, বিশুদ্ধতা এবং বিক্রির নিয়ম ভালোভাবে যাচাই করা জরুরি।
৪. ভল্টে সোনা সংরক্ষণ
বিজ্ঞাপন
স্বর্ণবার বা স্বর্ণমুদ্রা কিনে নিজের কাছে না রেখে পেশাদার সংরক্ষণাগারে রাখার ব্যবস্থাকে বলা হয় ভল্টেড গোল্ড।
এ পদ্ধতিতে বিনিয়োগকারী সোনার মালিকানা ধরে রাখেন, কিন্তু সেটি নিজের কাছে সংরক্ষণ করতে হয় না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিরাপদ ভল্টে সোনা রাখার দায়িত্ব পালন করে।
এর ফলে সোনা পরিবহন, চুরি কিংবা সংরক্ষণের ঝুঁকি কমানো সম্ভব হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য হিসাব ও মালিকানার নথি থাকলে পরবর্তী সময়ে সোনা বিক্রি করাও তুলনামূলক সহজ হতে পারে।
৫. গোল্ড সেভিংস প্ল্যান
একবারে বড় অঙ্কের অর্থ ব্যয় না করে ধীরে ধীরে সোনা কেনার একটি পদ্ধতি হলো গোল্ড সেভিংস প্ল্যান।
এ ব্যবস্থায় বিনিয়োগকারী প্রতি সপ্তাহে কিংবা মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই অর্থ দিয়ে গ্রাহকের পক্ষে সোনা কেনে এবং নিরাপদে সংরক্ষণ করে।
এ পদ্ধতির বড় সুবিধা হলো, অল্প অর্থ দিয়েও নিয়মিত সোনা কেনার সুযোগ পাওয়া যায়। বিভিন্ন সময়ে কেনাকাটা করার ফলে একদিনের বাজারদরের ওপর পুরো বিনিয়োগ নির্ভর করে না। এতে দীর্ঘমেয়াদে কেনা সোনার গড় মূল্য তুলনামূলক ভারসাম্যপূর্ণ হতে পারে।
৬. স্বর্ণবার ও স্বর্ণমুদ্রা কিনে রাখা
সোনায় বিনিয়োগের সবচেয়ে পরিচিত পদ্ধতিগুলোর একটি হলো স্বর্ণবার কিংবা স্বর্ণমুদ্রা কেনা। ব্যাংক, অনুমোদিত প্রতিষ্ঠান অথবা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে এসব সোনা সংগ্রহ করা যায়।
আন্তর্জাতিক বাজারদরের পাশাপাশি স্বর্ণবার বা মুদ্রা কেনার সময় অতিরিক্ত অর্থ দিতে হতে পারে। এ অতিরিক্ত মূল্যকে প্রিমিয়াম বলা হয়। কেনার পর সোনা পরিবহন, নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনে বিমা করার দায়িত্বও বিনিয়োগকারীর ওপর থাকে।
বিভিন্ন দেশের সরকার সাধারণত বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণমুদ্রা তৈরি করে। এগুলো বুলিয়ন কয়েন নামে পরিচিত। মুদ্রার গায়ে নির্দিষ্ট অভিহিত মূল্য লেখা থাকলেও এর প্রকৃত বাজারমূল্য নির্ভর করে সোনার পরিমাণ ও বিশুদ্ধতার ওপর।
এ ধরনের মুদ্রায় সাধারণত ২২ থেকে ২৪ ক্যারেটের সোনা থাকে। অন্যদিকে, স্বর্ণবার ১, ১০, ২০, ৫০, ১০০ ও ১ হাজার গ্রামসহ বিভিন্ন ওজনের পাওয়া যায়। এসব বারের বিশুদ্ধতা সাধারণত ৯৯ দশমিক ৫ থেকে ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত হতে পারে।
আন্তর্জাতিক বাজারে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত লন্ডন গুড ডেলিভারি (এলজিডি) মানের স্বর্ণবার ব্যবহার করে। এ ধরনের একটি স্বর্ণবারের ওজন প্রায় ৪০০ ট্রয় আউন্স।
৭. গোল্ড সার্টিফিকেট
সরাসরি সোনা নিজের কাছে না রেখেও এর মালিকানা পাওয়ার আরেকটি মাধ্যম হলো গোল্ড সার্টিফিকেট।
এ ব্যবস্থায় বিনিয়োগকারীর পক্ষে নির্দিষ্ট পরিমাণ সোনা পেশাদার সংরক্ষণাগারে রাখা হয়। এর বিপরীতে মালিকানার প্রমাণ হিসেবে একটি সনদ দেওয়া হয়। পরবর্তী সময়ে সোনা বিক্রি কিংবা সংরক্ষণাগার থেকে বুঝে নেওয়ার ক্ষেত্রে এই সনদ প্রয়োজন হতে পারে।
অনেক ক্ষেত্রে একাধিক বিনিয়োগকারীর সোনা একসঙ্গে বড় স্বর্ণবার আকারে সংরক্ষণ করা হয়। এতে আলাদা ছোট স্বর্ণবার কেনা ও সংরক্ষণের তুলনায় খরচ কমানোর সুযোগ থাকে।
তবে সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, সোনার প্রকৃত মজুত এবং বিনিয়োগকারীর মালিকানার অধিকার নিশ্চিত হওয়া জরুরি।
সোনায় বিনিয়োগের আগে যেসব বিষয় বিবেচনা করবেন
সোনায় বিনিয়োগের একাধিক সুযোগ থাকলেও সব পদ্ধতি প্রত্যেকের জন্য সমান উপযোগী নয়। বিনিয়োগের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা প্রয়োজন।
বাজারদর: আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার বর্তমান মূল্য এবং সাম্প্রতিক দর পরিবর্তনের প্রবণতা সম্পর্কে ধারণা নিতে হবে।
কেনা-বেচার ব্যবধান: সোনা কেনার দাম ও বিক্রির সময় পাওয়া দামের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, তা হিসাব করতে হবে।
বিশুদ্ধতা: স্বর্ণবার, মুদ্রা কিংবা অলংকার কেনার সময় সোনার ক্যারেট ও বিশুদ্ধতা যাচাই করতে হবে।
সংরক্ষণ ব্যয়: সরাসরি সোনা কিনলে নিরাপদে রাখা, পরিবহন ও বিমার খরচ বিবেচনায় নিতে হবে।
প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম, ভল্ট কিংবা সার্টিফিকেটের মাধ্যমে বিনিয়োগ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনাম ও কার্যক্রম যাচাই করা জরুরি।
নগদায়নের সুযোগ: প্রয়োজনের সময় কত সহজে সোনা বিক্রি করে অর্থ পাওয়া যাবে, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।
বিনিয়োগের মেয়াদ: স্বল্পমেয়াদি মুনাফা নাকি দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য সংরক্ষণ—কোন উদ্দেশ্যে বিনিয়োগ করছেন, তা নির্ধারণ করতে হবে।
সোনায় বিনিয়োগে কি মুনাফা নিশ্চিত?
সোনাকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও এতে মুনাফার নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক বাজারে চাহিদা ও সরবরাহ, সুদের হার, ডলারের বিনিময়মূল্য, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মতো বিভিন্ন কারণে সোনার দাম ওঠানামা করে।
কখনো দীর্ঘ সময় ধরে সোনার দাম বাড়তে পারে, আবার বাজার পরিস্থিতি পরিবর্তিত হলে দরপতনও হতে পারে। বিশেষ করে ফিউচার ও অপশনের মতো আর্থিক উপকরণে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
তাই শুধু দাম বাড়ার প্রত্যাশায় সব সঞ্চয় সোনায় বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ নয়। নিজের আর্থিক সামর্থ্য, বিনিয়োগের লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করে সম্পদের একটি নির্দিষ্ট অংশ সোনায় রাখা যেতে পারে।
সঠিক পদ্ধতি নির্বাচন, বিশ্বস্ত প্রতিষ্ঠান যাচাই এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সোনায় বিনিয়োগকে সম্পদ ব্যবস্থাপনার কার্যকর অংশ হিসেবে ব্যবহার করা সম্ভব।
তথ্য সূত্র : ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল








