২২ হাজার গ্রাহকের বিমা দাবিতে পরিশোধ করা হয়েছে ৮৪ কোটি টাকা

দেশের আর্থিকভাবে দুর্বল ও অনিয়মে জর্জরিত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি দীর্ঘদিন ধরে গ্রাহকদের মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ না করে প্রতারণা করছে, সেসব চিহ্নিত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্রমের কারণে আটটি কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত ওই আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এখন পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, দাবি পরিশোধের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের ধারাবাহিকতায় অন্যান্য বিমা কোম্পানিও গ্রাহকদের দাবি পরিশোধের কার্যক্রম দ্রুত করেছে। ফলে বিমা দাবি নিষ্পত্তির অগ্রগতি প্রত্যাশিত লক্ষ্যের দিকে এগোচ্ছে।
বিজ্ঞাপন
সমস্যাগ্রস্ত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আইনগত ও আর্থিক দায়বদ্ধতার পাশাপাশি পলিসিধারীদের স্বার্থ বিবেচনা করা হবে। কারণ, কোনো বিমা কোম্পানির লাইসেন্স বাতিল হলেও গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির বিদ্যমান দায় শেষ হয়ে যায় না। তাই পলিসিধারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।








