যশোরে প্রান্তিক কৃষকদের জামানতবিহীন ঋণ দিল ন্যাশনাল ব্যাংক

কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যশোরে প্রান্তিক কৃষকদের মধ্যে জামানতবিহীন ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে ব্যাংকটির উদ্যোগে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ঋণ বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জামানত ছাড়াই স্বল্পসুদে কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ন্যাশনাল ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মেশকাত-উল-আনোয়ার খান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাধ্যমে কৃষি ও পল্লী খাতের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আবর্তনযোগ্য ১০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
এ ঋণ কার্যক্রম ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের আওতাধীন ১০টি জেলায় পরিচালিত হবে। যশোরসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল ও ঝিনাইদহ জেলার ২৩টি শাখা এবং ৯টি উপশাখার মাধ্যমে কৃষকদের কাছে এ ঋণ পৌঁছে দেওয়া হবে।
কৃষকদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।








