Logo

বাজারে শীতের সবজি ও মাছের দামে আগুন, ভোগান্তিতে ক্রেতারা

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৫ নভেম্বর, ২০২৬, ১৫:১০
বাজারে শীতের সবজি ও মাছের দামে আগুন, ভোগান্তিতে ক্রেতারা
ছবি: সংগৃহীত

খুলনার বাজারে শীতকালীন সবজি ও মাছের দাম চড়া থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দামে তেমন স্বস্তি নেই। একেক বাজারে একই পণ্যের দামে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে। অন্যদিকে মাছের দাম বেশি হওয়ায় ক্রেতার উপস্থিতিও কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

ক্রেতাদের অভিযোগ, গ্রীষ্মকালীন অনেক সবজি তুলনামূলক কম দামে পাওয়া গেলেও শীতকালীন সবজির দাম এখনো নাগালের বাইরে। ফুলকপি, পালংশাক, শিম ও বাঁধাকপির মতো সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও এমন উচ্চমূল্যে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

রবিবার (১৫ নভেম্বর) খুলনার গল্লামারি, নিউ মার্কেট ও বয়রা বাজার ঘুরে সবজি, মাছ ও মাংসের এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজারগুলোতে প্রতি কেজি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা, মুলা ৫০ টাকা, পালংশাক ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং শিমের দাম ধরনভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকা।

বিজ্ঞাপন

মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি রুই ২৬০ থেকে ৩০০ টাকা, সামুদ্রিক চান্দা ২৬০ থেকে ২৮০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং দেশি কৈ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের শিং ৫০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং আকারভেদে ভেটকি ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও মাংসের বাজারেও দাম বেশ চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

সবজি বিক্রেতা রাজু বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। আবার পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরা বাজারের দূরত্বের পার্থক্য থাকায় পরিবহন খরচও কমবেশি হয়। এ কারণে বাজারভেদে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা দামের পার্থক্য দেখা যায়। শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টমেটোর দামের বিষয়ে রাজু বলেন, গত সপ্তাহে প্রতি কেজি টমেটো ১২০ টাকা ছিল। এ সপ্তাহে তা কমে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাকির মিয়া বলেন, বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও ক্রেতা অনেক কম। চলতি সপ্তাহে বেশ কিছু মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা কমেছে। সাধারণত শীতকালে মাছ বিক্রি কমতে দেখা যায় না। তবে এবার ক্রেতার অভাবে ব্যবসায় মন্দা চলছে।

বিজ্ঞাপন

ক্রেতা মিজানুর রহমান বলেন, বড় মাছের দাম অনেক বেশি। সামুদ্রিক মাছের দামও বেড়েছে। আগে যেসব মাছ ২০০ টাকা কেজিতে পাওয়া যেত, এখন সেগুলো ২৫০ থেকে ২৬০ টাকায় কিনতে হচ্ছে। শীতকালীন সবজির দামও তুলনামূলক বেশি। অনেক সবজিই ৬০ থেকে ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

আরেক ক্রেতা নাজমুল হক বলেন, একেক বাজারে একই সবজির দাম একেক রকম। তবে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যায়। বাজারভেদে দামের এই অসামঞ্জস্য দূর করা প্রয়োজন। তা না হলে ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD