Logo

সবজির মতো হাত বদল হতে হতে বাড়ছে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২১:২৭
সবজির মতো হাত বদল হতে হতে বাড়ছে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার গ্রাহকের কাছে পৌঁছাতে দীর্ঘ বিপণন প্রক্রিয়া ও একাধিক মধ্যস্বত্বভোগীর কারণে দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাঁর মতে, আমদানিকারক থেকে গ্রাহক পর্যন্ত কয়েক ধাপে হাতবদলের ফলে প্রতিটি পর্যায়ে অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে। শেষ পর্যন্ত সেই বাড়তি অর্থের চাপ বহন করতে হচ্ছে ভোক্তাদের।

বিজ্ঞাপন

এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বেসরকারি কোম্পানিগুলো এলপিজি আমদানি করে এবং এর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দিয়ে থাকে।

ব্যবসায়ীদের প্রচলিত বিপণন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এখনো এলপিজি বিক্রিতে সনাতন ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। গ্রাম থেকে সবজি আসে যা একজনের হাত থেকে আরেক হাত বদল হতে হতে ঢাকার কাঁচাবাজারে যায়, মাছের বাজারে যায়, সবজির বাজারে যায়; আপনারাও সেই সিস্টেমের মধ্যে গেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা একটা ডিলার দিছেন, ডিলারের আবার সাব-ডিলার আছে, সাব-ডিলারের আবার রিটেইলার আছে। সো, প্রত্যেক জায়গায় একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে। ব্যারিয়ার হতে হতে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আপনার গ্রাহকের জন্য প্রাইসটা অসহনীয় হয়ে যাচ্ছে। দাম বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে সম্মেলনটির আয়োজন করা হয়।

এলপিজি বিতরণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য অ্যাপভিত্তিক সেবা চালু করা যেতে পারে। যেসব পরিবার এলপিজি ব্যবহার করে, তাদের তথ্য নিয়ে একটি ডিজিটাল গ্রাহক ব্যবস্থাপনা তৈরি করার প্রস্তাবও দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, গ্রাহকদের আলাদাভাবে তালিকাভুক্ত করে অনলাইনে অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে অর্ডার পাওয়ার পর এলপিজি সিলিন্ডার সরাসরি গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলে মধ্যস্বত্বভোগীদের কারণে বাড়তি খরচের সুযোগ কমবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সরাসরি গ্রাহকের কাছে সিলিন্ডার সরবরাহ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কার্যকর করা গেলে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার চাপ থাকবে না। এতে ব্যবসায়ীরা যে দাম নির্ধারণ করবেন, গ্রাহকও সেই দামেই পণ্য কিনতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD