আইনমন্ত্রীর কাছে ৬ দাবি তুলে ধরলেন রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রাররা

দেশের নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি ও কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দ।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এসব দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
রেজিস্ট্রারদের ছয় দফা দাবি
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—
১. ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি: বর্তমানে সাব-রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগে। এ দীর্ঘসূত্রতা কমাতে জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রারের পদ চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২. বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ: বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্থায়ীভাবে সাব-রেজিস্ট্রারের পদ সৃষ্টির দাবি জানানো হয়েছে। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং এ বিষয়ে প্রতারণার সুযোগ কমবে বলে মনে করছে অ্যাসোসিয়েশন।
৩. জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দ: অন্যান্য সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান কর্মকর্তারা গাড়ির সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা এ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেছে সংগঠনটি। তাই জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
৪. প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা: নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। সংগঠনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
৫. সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জনবল নিয়োগ: প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা এবং নির্দিষ্ট একজন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
৬. দলিল লেখক ও অন্যান্য কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি: দলিল লেখকদের দলিলপ্রতি পারিশ্রমিক পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের সম্মানী বাড়ানোর প্রস্তাব রয়েছে।
দলিল লেখকদের পেশা বহাল রাখার দাবি
বিজ্ঞাপন
ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদনের পর দলিল লেখকদের মধ্যে পেশা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
এ পরিস্থিতিতে অটোমেশন কার্যক্রম চালু হলেও দলিল লেখকদের পেশা বহাল থাকবে—আইনমন্ত্রীর কাছ থেকে এমন ঘোষণা চেয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
নিবন্ধন বিভাগের পাঁচ অর্জন তুলে ধরল সংগঠন
বিজ্ঞাপন
ছয় দফা দাবির পাশাপাশি নিবন্ধন বিভাগের পাঁচটি অগ্রগতির বিষয়ও তুলে ধরেছে অ্যাসোসিয়েশন।
প্রথমত, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-তে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনের ভাষ্য অনুযায়ী, নতুন বিধানের ফলে জীবনকালীন ভোগদখলের অধিকার নিজের কাছে সংরক্ষণ করেও সম্পত্তি দানের আইনি স্বীকৃতি পাওয়া গেছে।
দ্বিতীয়ত, ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশের বিষয়টি তুলে ধরা হয়। ২০২৫ সালের ১৯ অক্টোবর জারি করা এই বিধিমালার মাধ্যমে নবম গ্রেডে যোগ দেওয়া সাব-রেজিস্ট্রারদের পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হয়। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নের কাজও সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
তৃতীয়ত, মাঠপর্যায়ে সাব-রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ শূন্য থাকার বিষয়টি উল্লেখ করে এর মধ্যে ৮৪টি পদ পূরণের উদ্যোগের কথা জানানো হয়েছে। এ লক্ষ্যে ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে সংগঠনের বক্তব্যে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চতুর্থত, ৬৩২ কোটি টাকা ব্যয়ে ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের ২৫ নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। এটি বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জালিয়াতি ও প্রতারণা কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আশা করছে সংগঠনটি।
পঞ্চমত, ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃষ্টির প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমানে কর্মরত কর্মকর্তাদের প্রস্তাবিত ক্যাডারে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এতে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এক অর্থবছরে রাজস্ব আয় ১৮ হাজার ৬২৫ কোটি টাকা
অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা।
সংগঠনটির বক্তব্য, বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও দীর্ঘদিন ধরে নিবন্ধন বিভাগের প্রয়োজনীয় আধুনিকায়ন হয়নি। এ কারণে জনবল কাঠামোর সংস্কার, কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি, প্রশিক্ষণব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এখন এসব প্রস্তাব বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।








