শ্রম অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষ ও কারখানার নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বিজ্ঞাপন
আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর ফলে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিক নিয়মিত কাজে যোগ দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে আগ্রহী। কিন্তু কিছু শ্রমিক বাইরের উসকানিতে কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁরা নিজেরা কাজে অংশ না নেওয়ার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।
বিজ্ঞাপন
এমনকি সংঘবদ্ধভাবে এক কারখানা থেকে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং জোরপূর্বক শ্রমিকদের বের করে আনার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতির কারণে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের চলমান বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁর কিংবা কোনো শ্রমিক সংগঠনের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞাপন
শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলো প্রত্যাশিত কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।
শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত জরুরি যৌথ মতবিনিময় সভার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে অংশ নেওয়া মালিকেরা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনা অব্যাহত রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিএমইএ সভাপতি জানান, কারখানার সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আশুলিয়া ও সাভারের পোশাকশিল্প দেশের জাতীয় অর্থনীতি এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
বিজ্ঞাপন
পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাহমুদ হাসান খান। পাশাপাশি সংকট নিরসনে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।








