গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
পুলিশ জানায়, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ-এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসেন। কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যান। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।








