Logo

কুমিল্লায় ভোরের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা, পুড়েছে ১৫ দোকান

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৬
কুমিল্লায় ভোরের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা, পুড়েছে ১৫ দোকান
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালসহ মূল্যবান সম্পদ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুনের তীব্রতায় দোকানগুলোর মালামাল ও অন্যান্য সম্পদ সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সকাল ৭টা পর্যন্ত বাজারে আগুন জ্বলছিল বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD