Logo

মাহদীর বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৮
মাহদীর বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটিকে ‘নাটক’ বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদী হাসান।

তার দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। এ সময় হঠাৎ ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোল বোমা জাতীয় কোনো বস্তু ছুড়ে মারা হয়েছে।

গণমাধ্যমকে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। রাত ২টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি জানান, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

তার ভাষ্য অনুযায়ী, চাচার বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা হামলার পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD