লালমনিরহাট সীমান্তে বিজিবির তিন অভিযান, মাদকসহ আটক ১

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় গঙ্গারহাট, মোগলহাট ও অনন্তপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্র খান এলাকায় অভিযান চালায় গঙ্গারহাট বিওপির টহলদল। এ সময় একজনকে আটক করার পাশাপাশি ১১৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫ ধরনের পণ্য জব্দ করে মোগলহাট বিওপির সদস্যরা। জব্দ করা সামগ্রীর মধ্যে পারফিউম, পাউডার, তেল ও টুথপেস্টসহ বিভিন্ন পণ্য রয়েছে।
একই দিন রাত ৯টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালায় অনন্তপুর বিওপির টহলদল। ওই অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞাপন
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








