উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভবানীপুরে অধ্যক্ষ সিদ্দিক

জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে ভবানীপুর ইউনিয়নের টানপাড়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে সুয়াইতবিলের পাড়, আটানী মোড়সহ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। রাতে জামতলীর ধর্মসভায়ও উপস্থিত হন তিনি। সকালে বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সালাম, কুশল ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “আমি এলাকার মানুষের সেবা করতে এসেছি, লুটপাট করে খাওয়ার জন্য আসিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভবানীপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের অধিকার ও প্রাপ্য সম্মান রক্ষা করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের উন্নয়নে সরকারিভাবে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব অর্থ জনগণের আমানত। বরাদ্দের প্রতিটি টাকা যথাযথভাবে উন্নয়নকাজে ব্যয় করতে হবে। জনগণের হক আত্মসাৎ কিংবা উন্নয়নের অর্থ লুটপাট করার কোনো সুযোগ নেই। জনগণের প্রাপ্য অর্থের অপব্যবহার হলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
চেয়ারম্যানের দায়িত্বকে ভোগের জায়গা নয়, বরং জনগণের কাছে জবাবদিহির গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে কাজ করতে চান।
তিনি আরও বলেন, “আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। আমি ভবানীপুরের সব মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
গণসংযোগকালে মো. সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, আকি বিল্লাহ, আব্দুল আজিজ, রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








