দর্শনায় স্কুলছাত্রী অপহরণ, তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জিনিয়া (১৭) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার তিন দিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপহৃত জিনিয়া উপজেলার সীমান্তবর্তী জয়নগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জিনিয়ার বাবা জসীমউদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় বিদ্যালয় সংলগ্ন এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দর্শনা মোবারকপাড়ার মৃত গুদার ছেলে শাওনসহ ২-৩ জন তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঘটনার রাতেই নিজে বাদী হয়ে শাওনের নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তিন দিন অতিবাহিত হলেও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
জসীমউদ্দীন আরও জানান, শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। জিনিয়া সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি শাওনের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন জিনিয়ার বাবা। তার অভিযোগ, এসব ঘটনার পরই মেয়েকে অপহরণ করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কী কারণে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, স্কুলছাত্রীর বাবা জসীমউদ্দীন ঘটনার দিন শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।








