Logo

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১২ নভেম্বর, ২০২৬, ১১:২৪
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পরে তারা বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধ করেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে পরিস্থিতির অবনতি ঘটে এবং মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD