দীর্ঘ ২২ দিন পর অবরোধ প্রত্যাহার, প্রাণ ফিরছে সাজেকে

দীর্ঘ ২২ দিনের সড়ক অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের জনজীবন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে খুলতে শুরু করেছে দোকানপাট। বসেছে সাপ্তাহিক হাট, সড়কে ফিরেছে ব্যাটারিচালিত টমটম। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাজেকের উজোবাজার, গঙ্গারাম ও মাচালং বাজারে সাপ্তাহিক হাট বসে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে বাজারগুলোতে ফিরে আসে চিরচেনা ব্যস্ততা। একই সঙ্গে বিভিন্ন সড়কে টমটম চলাচল শুরু হলেও বড় যানবাহন এখনো চলাচল শুরু করেনি। কোথাও অবরোধকারীদের উপস্থিতি কিংবা নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা, গণমাধ্যমকর্মী, ইউপিডিএফের বিরোধী পক্ষের সদস্য এবং গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সাজেকের উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকায় দীর্ঘদিন ধরে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাংগঠনিক প্রভাব ছিল। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার পদত্যাগ, কমিটি বিলুপ্তি এবং সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর পরিস্থিতিতে পরিবর্তন আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও ইউপিডিএফের বিরোধী পক্ষের কয়েকজন সদস্যের দাবি, সংগঠনটির সদস্যরা বর্তমানে সাজেকের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ছেড়ে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় অবস্থান করছেন। তাদের মতে, এর ফলে উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকায় সংগঠনটির আগের মতো প্রভাব আর নেই।
মঙ্গলবার রাতে লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কমিটি বিলুপ্ত করার কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিনের সড়ক অবরোধে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চলমান অবরোধের পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একজন কার্বারি হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা তার দায়িত্ব। সে বিবেচনায় তিনি সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগ, কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন বলেন, ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ দিন ধরে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে ছিল। দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘ বিরতির পর বুধবার সকালে উজোবাজারে হাট বসায় তারা স্বস্তি পেয়েছেন।
এদিকে দীর্ঘদিনের অচলাবস্থা ও সহিংসতার আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে তাদের ধারণা।
বিজ্ঞাপন
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। বড় যানবাহন চলাচল শুরু না হলেও সড়কে টমটম চলছে। আশা করা যাচ্ছে, কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’








