Logo

কক্সবাজারে ২ পক্ষের গোলাগুলি, আতঙ্কে বাজারের মানুষ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১১ নভেম্বর, ২০২৬, ২২:১৭
কক্সবাজারে ২ পক্ষের গোলাগুলি, আতঙ্কে বাজারের মানুষ
ছবি প্রতিনিধি।

কক্সবাজারে উখিয়ার পালংখালীতে ‘আধিপত্য বিস্তারের জেরে’ বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে ১০ থেকে ১২ টি গুলিবর্ষণের ঘটনা ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি। আর ব্যস্ততম বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪.টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন, ছাত্রদলের সাবেক নেতা জয়নাল আবেদীন জয় ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে। এলাকায় সীমান্ত কেন্দ্রিক মাদকপাচার ও চোরাচালান সহ নানা অপরাধ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আগ্লেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে তারা সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় ১০ থেকে ১২ টি ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

তবে কেউ হতাহত না হলেও ব্যস্ততম বাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল এবং বিজিবির ৬৪ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সাবেক নেতা জয়নাল আবেদীন জয় গুলিবর্ষণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তিনি উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর বাসভবনে বৈঠকে থাকার কথা জানিয়ে পরে বিষয়টি জানাবেন বলে জানান।

এছাড়া যুবদল নেতা আবুল ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বিজ্ঞাপন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে রাত ৯ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD