Logo

চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন বাতিলের দাবিতে ভেড়ামারায় রেল অবরোধ

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
১১ নভেম্বর, ২০২৬, ১৬:২২
চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন বাতিলের দাবিতে ভেড়ামারায় রেল অবরোধ
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ভেড়ামারা রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ভেড়ামারা, মিরপুর ও পাবনার ঈশ্বরদী অঞ্চলের ঢাকাগামী যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করলে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। ভেড়ামারা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাজিব কুমার বিশ্বাস জানান, অবরোধের কারণে বুধবার সকাল ১১টা থেকে মহানন্দা ডাউন (১৬) ট্রেনটি এবং কপোতাক্ষ আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শত শত মানুষ ভেড়ামারা রেলস্টেশন এলাকায় জড়ো হন। পরে স্টেশনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তাঁরা বলেন, ২০০৭ সালে চালুর পর থেকে প্রায় দুই দশক ধরে এই অঞ্চলের ব্যবসায়ী, চাকরিজীবী, ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী রোগীদের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম চিত্রা এক্সপ্রেস। ট্রেনটির আপ নম্বর ৭৬৩ ও ডাউন নম্বর ৭৬৪। কিন্তু সম্প্রতি পদ্মা সেতু দিয়ে ট্রেনটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় ভেড়ামারা, মিরপুর ও ঈশ্বরদী অঞ্চলের যাত্রীরা এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, রুট পরিবর্তন কার্যকর হলে কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের হাজার হাজার ঢাকাগামী যাত্রী পরিবহন সংকটে পড়বেন। তাঁদের মতে, ট্রেনের বিকল্প হিসেবে সড়কপথে যাতায়াত করতে হলে অতিরিক্ত ব্যয় ও ঝুঁকি নিতে হবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সাধারণ রেলযাত্রীদের পক্ষ থেকে রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এ সময় তিনি স্মারকলিপিটি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

স্মারকলিপি প্রদানকালে ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বৃহত্তর কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD