সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি চকলেট কিনতে ওই দোকানে যায়। অভিযোগ রয়েছে, এ সময় দোকানদার কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর রাত ১১টার দিকে অভিযুক্ত নুরুল হককে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ।
অভিযুক্ত নুরুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার হাকিম আলীর বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুদি দোকানদার।
বিজ্ঞাপন
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








