Logo

দৌলতপুরে কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১১ নভেম্বর, ২০২৬, ১৭:৪৭
দৌলতপুরে কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা সুকৌশলে বাড়ি দুটিতে এসব ভীতিপ্রদ সামগ্রী রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা আমি জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন।

বিজ্ঞাপন

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD