সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

গাজীপুরের মৌচাক এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল শ্রমিকরা সরে যাওয়ার পর আবারও স্বাভাবিক হয়েছে। তবে সড়কে এখনো কিছুটা ধীরগতি রয়েছে।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরপর শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্বিতীয় দফায় ধাওয়া দিলে তারা সড়ক ছেড়ে চলে যান। পরে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ এলাকার শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া জরুন এলাকায়ও শ্রমিকদের অবস্থান নেওয়ার চেষ্টা ছিল। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।








