প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, স্বীকৃতি চেয়ে রিয়াদের বাড়িতে সাদিয়া

কুড়িগ্রামের রাজারহাটে বিয়ের কাবিননামা ও সম্পর্কের প্রমাণ নিয়ে স্ত্রীর স্বীকৃতি পেতে এক যুবকের বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তার অভিযোগ, বিয়ের পরও তাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না ইমদাদুল হক রিয়াদ (২৪)। তবে সাদিয়া বাড়িতে হাজির হওয়ার পর ঘরে তালা ঝুলিয়ে চলে গেছেন রিয়াদ ও তার পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
সাদিয়া উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। অভিযুক্ত ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সাদিয়ার ভাষ্য, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় ২০২৩ সালে দুজনের বয়স ১৮ বছর থাকাকালে তারা বিয়ে করেন। তবে রিয়াদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে আবারও বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।
বিজ্ঞাপন
সাদিয়ার অভিযোগ, এরপরও গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। একপর্যায়ে বুধবার কাবিননামা হাতে রিয়াদের বাড়ির সামনে গিয়ে অনশনে বসেন তিনি।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে আসেন। পরে তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আব্দুস সালাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। রিয়াদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও তিনি সঙ্গে নিয়ে এসেছেন। রিয়াদ মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে তার ধারণা।
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিষয়টির দ্রুত সমাধান করা প্রয়োজন। তা না হলে তরুণীটির জীবন আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।
তবে সাদিয়ার দাবির বিষয়ে রিয়াদ ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া মেলেনি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








